অগ্নিবীরদের জন্য ২০ শতাংশ সংরক্ষণ, বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
কলকাতা: প্রাক্তন অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। রাজ্যের পুলিশ, দমকল, বন দফতর এবং সিভিল ডিফেন্সে ২০ শতাংশ পদ প্রাক্তন অগ্নিবীরদের জন্য সংরক্ষণ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার কলকাতার গার্ডেনরিচে একটি প্রতিরক্ষা সংক্রান্ত অনুষ্ঠানের পর এই ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, অগ্নিবীরদের চার বছরের সামরিক পরিষেবা শেষ হওয়ার পর কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। অগ্নিপথ প্রকল্পের আওতায় সেনা, নৌসেনা ও বায়ুসেনায় চার বছরের জন্য নিয়োগ পান অগ্নিবীররা। প্রথম ব্যাচের অগ্নিবীররা এখনও তাঁদের পরিষেবা সম্পূর্ণ করেননি; তাই রাজ্যে তাঁদের নিয়োগের প্রক্রিয়া পরবর্তী সময়ে শুরু হবে বলে জানানো হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, বিপর্যয় মোকাবিলার জন্য রাজ্যে ‘অর্জুন বাহিনী’ নামে একটি বিশেষ দল তৈরি করা হচ্ছে। আপাতত সৈনিক বোর্ডের মাধ্যমে ২০০ জন প্রাক্তন সেনাকর্মীকে নিয়ে এই বাহিনী তৈরি করা হচ্ছে। সেপ্টেম্বর থেকে বাহিনীটি কাজ শুরু করার কথা।
প্রস্তাব অনুযায়ী, ২০০ জনের মধ্যে ১০০ জন কলকাতায়, ৫০ জন পাহাড়ি এলাকায় এবং বাকি ৫০ জন সাগর-কাকদ্বীপ এলাকায় কাজ করবেন। প্রাকৃতিক বা অন্যান্য বিপর্যয়ের সময় আধুনিক সরঞ্জাম নিয়ে দ্রুত উদ্ধার ও মোকাবিলার কাজে এই বাহিনীকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
অগ্নিবীরদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টি ইতিমধ্যেই জাতীয় স্তরেও গুরুত্ব পেয়েছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও অসম রাইফেলসে কনস্টেবল/রাইফেলম্যান পদে প্রাক্তন অগ্নিবীরদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ, বয়সে ছাড় এবং কিছু পরীক্ষায় ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের এই ঘোষণার ফলে আগামী দিনে প্রাক্তন অগ্নিবীরদের রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
