09/10/2026 Latest News, Breaking News & West Bengal Updates
নেপালে ভয়াবহ হড়পা বান, কৈলাস যাত্রায় গিয়ে নিখোঁজ শিলিগুড়ির সমর মণ্ডল
আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ হড়পা বান, কৈলাস যাত্রায় গিয়ে নিখোঁজ শিলিগুড়ির সমর মণ্ডল

News Bangla Live 24 August 27, 2026 1 min read

শিলিগুড়ি: নেপালে ভয়াবহ হড়পা বান ও প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই নিখোঁজ শিলিগুড়ির এক যুবক। নিখোঁজ ব্যক্তির নাম সমর মণ্ডল। তিনি শিলিগুড়ির শান্তিনগর-বউবাজার এলাকার বাসিন্দা এবং পেশায় হার্ডওয়্যার ব্যবসায়ী। পরিবারের দাবি, কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়ে নেপালে বিপর্যয়ের মধ্যে পড়ার পর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

১৬ আগস্ট কৈলাস-মানস সরোবরের উদ্দেশ্যে যাত্রা

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৬ আগস্ট একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে কৈলাস-মানস সরোবর যাত্রার উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে রওনা হন ৪১ বছর বয়সি সমর মণ্ডল। যাত্রাপথে তিনি নেপাল হয়ে তিব্বতের দিকে গিয়েছিলেন। পরে অসুস্থ হয়ে পড়ায় ফের নেপালের দিকে আসছিলেন বলে জানা গিয়েছে।

পরিবারের সঙ্গে শেষ কথা

পরিবারের দাবি, বুধবার সকালে সমর তাঁর পরিবারের সঙ্গে শেষবার কথা বলেন। জানা যায়, তখন তিনি নেপাল-তিব্বত সীমান্তের একটি ইমিগ্রেশন এলাকায় ছিলেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে নেপালে ঢোকার কথা জানিয়েছিলেন। এরপরই তাঁর মোবাইল ফোনে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর মধ্যেই নেপালের রসুয়া-সহ সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের খবর সামনে আসে। বিপর্যয়ের কারণে বহু রাস্তা, সেতু ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

ছেলের খোঁজে নেপালে ভাই

সমরের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর তাঁর ভাই অজয় মণ্ডল নেপালে পৌঁছে নিজে খোঁজ শুরু করেছেন বলে জানা গিয়েছে। স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও এখনও সমরের কোনও সন্ধান পাওয়া যায়নি। তাঁর বাবা স্থানীয় থানায় নিখোঁজের অভিযোগ জানিয়েছেন এবং দ্রুত সরকারি উদ্যোগে ছেলেকে খুঁজে বের করার আবেদন জানিয়েছেন।

উদ্বেগে পরিবার

সমরের নিখোঁজ হওয়ার ঘটনায় শিলিগুড়ির শান্তিনগর-বউবাজার এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। পরিবারের সদস্যরা এখনও তাঁর ফোনের অপেক্ষায় রয়েছেন। সমর নিরাপদে কোথাও আশ্রয় নিয়েছেন কি না, নাকি বিপর্যয়ের কারণে কোনও এলাকায় আটকে পড়েছেন—তা এখনও স্পষ্ট নয়।

এদিকে নেপালের ভয়াবহ বন্যা ও হড়পা বানের কারণে বহু ভারতীয় পর্যটক ও কৈলাস-মানস সরোবর যাত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, রাজ্যের ৩৬ জন পর্যটকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

সমর মণ্ডলের পরিবার এখন প্রশাসন ও সরকারের দ্রুত হস্তক্ষেপের আশায় রয়েছে। তাঁর নিরাপদে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্য ও পরিজনেরা।

Leave a Comment