09/10/2026 Latest News, Breaking News & West Bengal Updates
ফরাক্কার ধসের জের কাটেনি, মেরামতির মাঝেই ফের ধস! আজও বাতিল একাধিক ট্রেন, চরম দুর্ভোগ
পশ্চিমবঙ্গ

ফরাক্কার ধসের জের কাটেনি, মেরামতির মাঝেই ফের ধস! আজও বাতিল একাধিক ট্রেন, চরম দুর্ভোগ

News Bangla Live 24 September 4, 2026 1 min read

ফরাক্কা, : ফরাক্কায় রেললাইনে ধসের জেরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগের জট এখনও কাটেনি। মেরামতির কাজ চলার মধ্যেই নিউ ফরাক্কা স্টেশনের কাছে ফের মাটি বসে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এর জেরে তিলডাঙা–নিউ ফরাক্কা সেকশনের আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ডাউন লাইনে পরিষেবা চালু থাকলেও একাধিক ট্রেন বাতিল এবং বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে।

রেল সূত্রে জানা গিয়েছে, নিউ ফরাক্কা স্টেশনের একটি অংশে মাটি বসে যাওয়ার ঘটনা ঘটে। টানা বৃষ্টির জেরে রেললাইনের নিচের মাটি নরম হয়ে যাওয়াকেই এর প্রাথমিক কারণ হিসেবে মনে করা হচ্ছে। ধসের জেরে রেললাইনের পাশাপাশি একটি ওভারহেড বৈদ্যুতিক খুঁটিও বেঁকে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে রেলের ইঞ্জিনিয়ারিং ও রক্ষণাবেক্ষণ দল দ্রুত মেরামতির কাজে নেমেছে।

পরিস্থিতির কারণে আজও উত্তরবঙ্গমুখী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে তিস্তা-তোর্সা এক্সপ্রেস, নবদ্বীপ ধাম–বালুরঘাট, হাওড়া–বালুরঘাট, হাওড়া–মালদহ টাউন, মালদহ–হাওড়া, হাওড়া–নিউ জলপাইগুড়ি-সহ একাধিক ট্রেন। কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।

অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকটি ট্রেনকে বিকল্প রুটে ঘুরিয়ে চালানো হচ্ছে। নিউ ফরাক্কা–আজিমগঞ্জ–কাটিহার, নিউ ফরাক্কা–আজিমগঞ্জ–নাথপুর এবং কিউল–মোকামা–কাটিহার রুট ব্যবহার করে কিছু ট্রেন চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। বহু যাত্রী বাধ্য হয়ে বাসের দিকে ঝুঁকছেন। ফলে বাসের টিকিটের চাহিদা বেড়েছে এবং কিছু ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগও সামনে এসেছে।

রেল কর্তৃপক্ষ দ্রুত মেরামতির কাজ শেষ করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচলে বিধিনিষেধ থাকছে। ফলে আজও উত্তরবঙ্গগামী যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ পরিষেবা-স্থিতি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment