একসঙ্গে ১০ বিশেষজ্ঞ চিকিৎসক বদলি, ধূপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে উদ্বেগ
ধূপগুড়ি: একসঙ্গে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসককে বদলি করা হয়েছে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল থেকে। তাঁদের মধ্যে ৮ জন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক রয়েছেন। একসঙ্গে এতজন চিকিৎসক চলে যাওয়ায় হাসপাতালের একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে অর্থোপেডিক, জেনারেল সার্জারি, ইএনটি এবং অ্যানাস্থেশিয়া বিভাগে চিকিৎসক সংকট দেখা দিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের বদলির পর বর্তমানে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ জনে। তাঁদের মধ্যে তিনজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, তিনজন শিশুরোগ বিশেষজ্ঞ, দুজন মেডিসিন বিশেষজ্ঞ, দুজন চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং একজন প্যাথলজিস্ট রয়েছেন। এর পাশাপাশি তিনজন মেডিক্যাল অফিসার, একজন সহকারী মেডিক্যাল অফিসার এবং একজন জাতীয় স্বাস্থ্য মিশনের চিকিৎসকও পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন।
চিকিৎসক সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়ার আশঙ্কা তৈরি হয়েছে অস্ত্রোপচার ও জরুরি পরিষেবায়। অ্যানাস্থেশিয়া বিভাগের চিকিৎসক কমে যাওয়ায় প্রসূতিদের সিজারিয়ান পরিষেবাতেও আগে থেকেই সমস্যা তৈরি হয়েছিল। এবার অর্থোপেডিক এবং জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসকরাও বদলি হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে হাসপাতাল-সংশ্লিষ্ট মহলের আশঙ্কা।
ধূপগুড়িকে মহকুমা ঘোষণার পর ধাপে ধাপে হাসপাতালের পরিকাঠামো উন্নত করার উদ্যোগ নেওয়া হয়। ২০২৪ সালে প্রথম দফায় বিশেষজ্ঞ চিকিৎসক যোগ দেন। পরবর্তী সময়েও আরো চিকিৎসক নিয়োগ করা হয়। চলতি বছরের জানুয়ারিতে হাসপাতালে সিজারিয়ান পরিষেবা চালু হয় এবং মার্চের শুরুতে আরও কয়েকজন স্নাতকোত্তর বিশেষজ্ঞ চিকিৎসক কাজে যোগ দেন। কিন্তু তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে এবার অন্যত্র বদলি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
এদিকে একসঙ্গে এতজন চিকিৎসক বদলি হওয়ায় রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দূরবর্তী এলাকা থেকে ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীদের ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব হলে অন্য হাসপাতালে রেফারের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
তবে পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দফতরের তরফে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ির জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার জানিয়েছেন, বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের নজরে রয়েছে এবং স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখার জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার আশা করা হচ্ছে।
এখন নজর থাকবে, বদলি হওয়া চিকিৎসকদের পরিবর্তে কত দ্রুত নতুন বিশেষজ্ঞ চিকিৎসক ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কারণ ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসার জন্য এই হাসপাতালটি গুরুত্বপূর্ণ পরিষেবা কেন্দ্র হিসেবে কাজ করে।
