09/10/2026 Latest News, Breaking News & West Bengal Updates
রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫ হাজার পার, মুর্শিদাবাদে সর্বাধিক
পশ্চিমবঙ্গ

রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫ হাজার পার, মুর্শিদাবাদে সর্বাধিক

News Bangla Live 24 September 15, 2026 1 min read

কলকাতা: বর্ষার মরসুমে পশ্চিমবঙ্গে ফের বাড়ছে ডেঙ্গির প্রকোপ। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫,০০২। অগস্টের শুরুতে আক্রান্তের সংখ্যা ২,৪১০ থাকলেও এক মাসের কিছু বেশি সময়ে তা দ্বিগুণেরও বেশি হয়েছে।

জেলা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত মুর্শিদাবাদে—১,০৭২ জন। এরপর রয়েছে কলকাতা, যেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০০। উত্তর ২৪ পরগনায় ৪৫০ জন আক্রান্ত হয়েছেন। নদিয়ায় ৪০০-র বেশি, মালদহে প্রায় ৪০০ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৩৬৬ জনের ডেঙ্গি ধরা পড়েছে। হাওড়া ও হুগলিতেও আক্রান্তের সংখ্যা ৩২৫ করে।

আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৯টি পুরসভা, ৮৫টি ব্লক এবং ২৭৮টি গ্রাম পঞ্চায়েতকে ডেঙ্গির হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর। এই এলাকাগুলিতে বাড়ি বাড়ি নজরদারি, দ্রুত রক্ত পরীক্ষা এবং মশার লার্ভা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, হটস্পট এলাকাগুলিতে আরও বেশি সংখ্যায় রক্তের নমুনা পরীক্ষা করা হচ্ছে। জ্বর দু’দিনের বেশি থাকলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়া এবং বাড়ি ও আশপাশে জল জমতে না দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। ডেঙ্গি মোকাবিলায় বিশেষ পরীক্ষা ও নজরদারি অভিযান ১৫ অক্টোবর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে।

কলকাতা-সহ একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা বাড়ায় পুজোর আগে ডেঙ্গি নিয়ন্ত্রণে রাখা এখন স্বাস্থ্য দফতর ও স্থানীয় প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment