দিঘার সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ নৈহাটির কিশোরী, চলছে তল্লাশি
দিঘা: দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ হলেন এক কিশোরী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ কিশোরীর নাম কাশ্মীরা খাতুন (১৪)। তিনি উত্তর ২৪ পরগনার নৈহাটির বাসিন্দা। পরিবারের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন তিনি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল ঘাট এলাকায় সমুদ্রে স্নান করতে নামেন কাশ্মীরা। সেই সময় সমুদ্র ছিল যথেষ্ট উত্তাল। আচমকা প্রবল ঢেউয়ের ধাক্কায় ভারসাম্য হারিয়ে গভীর জলে তলিয়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ঘটনাটি এত দ্রুত ঘটে যে সঙ্গে থাকা পরিজনরা প্রথমে কিছু বুঝে ওঠার আগেই তিনি জলে তলিয়ে যান। পরে চিৎকার-চেঁচামেচি শুরু হলে বিষয়টি নজরে আসে আশপাশের মানুষজনের।
খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছে যান নুলিয়া ও সিভিল ডিফেন্সের কর্মীরা। স্পিডবোট নামিয়ে অবিলম্বে শুরু করা হয় তল্লাশি অভিযান। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সমুদ্র উত্তাল থাকায় উদ্ধারকাজ যথেষ্ট কঠিন হয়ে পড়েছে। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত চালানো তল্লাশিতেও ওই কিশোরীর কোনও সন্ধান মেলেনি।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শুক্রবার সকাল থেকে ফের জোরকদমে তল্লাশি অভিযান শুরু হয়েছে। জলে নামানো হয়েছে অতিরিক্ত নুলিয়া ও উদ্ধারকারী দল। এই মুহূর্তে দিঘা সৈকতে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা।
প্রশাসনের তরফে পর্যটকদের প্রতি ফের সতর্কতা জারি করে বলা হয়েছে, সমুদ্র উত্তাল থাকাকালীন গভীর জলে না নামার জন্য।
(ঘটনার সর্বশেষ তথ্যের জন্য নজর রাখুন।)
