সিকিমে ফের ধস: পশ্চিম সিকিমের রিম্বিতে ক্ষতিগ্রস্ত বহু বাড়ি, ভেঙে পড়ল সেতু
গ্যাংটক: নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে ফের বিপর্যস্ত সিকিম। পশ্চিম সিকিমের একাধিক এলাকায় নতুন করে ধস নামায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইয়ুকসোম-তাশিডিং বিধানসভা এলাকার অন্তর্গত রিম্বি গ্রামে ভয়াবহ ধস নেমেছে। এই ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের বহু বাড়িঘর। ভেসে গিয়েছে একটি অস্থায়ী সেতুও। ধসের গতিপথ ক্রমশ পাহাড়ের ঢাল থেকে গ্রামের দিকে এগিয়ে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই অনেকে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছেন।
অন্যদিকে, শিলিগুড়ির সঙ্গে সিকিমের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ১০ নম্বর জাতীয় সড়কের ২০ মাইল এলাকাতেও ধস নেমে অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তা। সিংটাম-রংপো রুটের ওই অংশে পাহাড়ের ঢাল থেকে একের পর এক পাথর গড়িয়ে পড়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। কাদা ও ধ্বংসস্তূপে রাস্তার বড় অংশ ঢাকা পড়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটক উভয়েই। জোড়থাং থেকে ডেনতাম যাওয়ার রাস্তাতেও নেমেছে কাদার স্রোত।
সিকিমের মুখ্যমন্ত্রী নিজে সমাজমাধ্যমে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে স্বস্তির বিষয়, এখনও পর্যন্ত এই ধসগুলিতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রশাসনের তরফে ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলা এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ের ঢালে মাটির নড়াচড়া এখনও চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা, যার জেরে যেকোনও সময় আরও বড় ধসের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
(পরিস্থিতির সর্বশেষ আপডেটের জন্য নজর রাখুন।)
