ফুলবাড়ির স্কুলে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য
ফুলবাড়ি: স্কুলের শেডের ভিতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ফুলবাড়ির আমাইদিঘি জুনিয়র বেসিক স্কুলে। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় পড়ুয়া, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
জানা গিয়েছে, স্কুলের মিড-ডে মিলের রান্নাঘর ও শ্রেণিকক্ষের মাঝের সংযোগকারী শেডে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সঞ্জীব সরকারের বক্তব্য অনুযায়ী, সকাল সাড়ে ৭টা নাগাদ এক শিক্ষক প্রথম দেহটি দেখতে পান।
মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। স্কুলের শিক্ষক-কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের কেউই তাঁকে শনাক্ত করতে পারেননি। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে ওই ব্যক্তি স্কুল চত্বরে ঢুকলেন এবং কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হতে পারে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, চার লেনের রাস্তা সম্প্রসারণের কাজের সময় স্কুলের পুরনো সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙে দেওয়া হয়েছে। ফলে স্কুল চত্বরের একটি অংশ খোলা অবস্থায় রয়েছে। তাঁদের আশঙ্কা, এই সুযোগে বাইরের লোকজন স্কুলের ভিতরে ঢুকে পড়তে পারেন। তাই দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ করে স্কুলের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
