09/10/2026 Latest News, Breaking News & West Bengal Updates
৪ কোটির বেশি আয়কর বকেয়া, শিলিগুড়ির ব্যবসায়ীর দ্বিতীয় সম্পত্তি সংযুক্ত করল আয়কর দফতর
উত্তরবঙ্গ

৪ কোটির বেশি আয়কর বকেয়া, শিলিগুড়ির ব্যবসায়ীর দ্বিতীয় সম্পত্তি সংযুক্ত করল আয়কর দফতর

News Bangla Live 24 September 17, 2026 0 min read

শিলিগুড়ি: দীর্ঘদিনের আয়কর বকেয়ার অভিযোগে শিলিগুড়ির ব্যবসায়ী নরেশ ভার্মার দ্বিতীয় সম্পত্তি সংযুক্ত করল আয়কর দফতর। বুধবার চম্পাসারির কদমতলা এলাকায় তাঁর একটি চারতলা ভবনে নোটিস সাঁটিয়ে এই পদক্ষেপ করা হয়।

আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, ২০১১ সাল থেকে নরেশ ভার্মার আয়কর বকেয়া রয়েছে। বর্তমান হিসাব অনুযায়ী সেই বকেয়ার পরিমাণ ৪ কোটিরও বেশি টাকা। বকেয়া কর আদায়ের জন্যই তাঁর আরও একটি সম্পত্তির বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে।

বুধবার দুপুরে শিলিগুড়ি আয়কর দফতরের একটি দল চম্পাসারির কদমতলা এলাকায় পৌঁছয়। রাস্তার ধারে থাকা চারতলা ভবনটিতে সম্পত্তি সংযুক্তির নোটিস সাঁটানো হয়।

এর আগে প্রায় দু’মাস আগে মাল্লাগুড়ির টি অকশন রোড এলাকায় নরেশ ভার্মার তিন বিঘারও বেশি জমি সংযুক্ত করেছিল আয়কর দফতর। এরপরও বকেয়া কর পরিশোধ না হওয়ায় এবার তাঁর দ্বিতীয় সম্পত্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

আয়কর দফতরের তরফে বকেয়া কর মেটানোর জন্য এক মাসের চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া মেটানো না হলে সংযুক্ত সম্পত্তি নিলামের প্রক্রিয়া শুরু হতে পারে বলে দফতরের আধিকারিকরা জানিয়েছেন।

আয়কর বকেয়া আদায়ে দফতরের এই পদক্ষেপের পর শিলিগুড়িতে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে।

Leave a Comment