09/10/2026 Latest News, Breaking News & West Bengal Updates
নদীতে স্নান করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্র, দিনহাটায় চাঞ্চল্য
উত্তরবঙ্গ

নদীতে স্নান করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্র, দিনহাটায় চাঞ্চল্য

News Bangla Live 24 September 3, 2026 1 min read

দিনহাটা,: নদীতে স্নান করতে নেমে তলিয়ে নিখোঁজ হল দুই স্কুলছাত্র। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা-১ ব্লকের মাতালহাট এলাকার বুড়া ধরলা নদীতে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে মোট পাঁচজন ছাত্র মিলে মাতালহাট এলাকার বুড়া ধরলা নদীতে স্নান করতে যায়। তাদের মধ্যে তিনজন নদীতে নামে। স্নান করার পর একজন ছাত্র কোনওরকমে জল থেকে উঠে এলেও অপর দুই ছাত্র আর তীরে ফিরে আসেনি। কিছুক্ষণ পর তাঁদের দেখতে না পেয়ে সঙ্গে থাকা অন্যরা চিৎকার শুরু করে।

চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রাও নদীতে নেমে নিখোঁজ দুই ছাত্রের খোঁজ শুরু করেন। পরে খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে।

নিখোঁজ দুই ছাত্রের নাম দীপ কুমার রায় এবং রঞ্জয় বর্মন। দীপ কুমার রায়ের বাড়ি দিনহাটা শহরের কলেজপাড়া এলাকায়। অন্যদিকে রঞ্জয় বর্মনের বাড়ি পুটিমারি-২ গ্রাম পঞ্চায়েতের বড় নাচিনা এলাকায়।

ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মী ও উদ্ধারকারী দলও সেখানে পৌঁছে নদীতে তল্লাশি অভিযান শুরু করে। নদীর ধারে ক্রমশ ভিড় বাড়তে থাকে। নিখোঁজ দুই ছাত্রের পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছন।

তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও দুই ছাত্রের কোনও সন্ধান পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

নদীতে স্নান করতে গিয়ে দুই স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় গোটা এলাকায় উদ্বেগ ও শোকের আবহ তৈরি হয়েছে।

Leave a Comment