গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, মৃত ৯
গ্রেটার নয়ডা: যমুনা এক্সপ্রেসওয়েতে চলন্ত স্লিপার বাসে ভয়াবহ আগুন লেগে মৃত্যু হল ৯ জনের। বুধবার গভীর রাতে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার জেওয়ার থানা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। আগুনে বেশ কয়েকজন আহত হয়েছেন।
এই ঘটনার বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন👉 https://youtu.be/V94Bm-43R1s
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি নয়াদিল্লির কাশ্মীরি গেট থেকে উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল। রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ যমুনা এক্সপ্রেসওয়ের ৩৩ কিলোমিটার মাইলস্টোনের কাছে আচমকা বাসটিতে আগুন ধরে যায়। বাসটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
আগুন দ্রুত গোটা বাসে ছড়িয়ে পড়ে। অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে ছিলেন। ধোঁয়ায় চারদিক ঢেকে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন যাত্রী জানালা দিয়ে বেরিয়ে প্রাণ বাঁচান। পুলিশ ও দমকলের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়। পরে বাসের ভিতর থেকে ৯ জনের দেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে একজন মহিলা ও আটজন পুরুষ রয়েছেন বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে বাসের এয়ার কন্ডিশনিং ব্যবস্থায় স্পার্ক বা বিস্ফোরণের পর ইঞ্জিনের লুব্রিকেটিং অয়েলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে পুলিশ। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। এক যাত্রীর অভিযোগ, আগুন লাগার আগে বাসের ভিতরে পোড়া গন্ধ পাওয়া গিয়েছিল এবং চালককে বাস থামাতে বলা হয়েছিল। এই অভিযোগেরও তদন্ত করা হচ্ছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে।
