নিউ টাউনে ২ হাজার শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’-এর শিলান্যাস আজ
কলকাতা: কলকাতার নিউ টাউনে আজ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর প্রস্তাবিত ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতালের শিলান্যাস হতে চলেছে। আদানি গোষ্ঠীর এই হাসপাতালটি হবে ২ হাজার শয্যার। শিলান্যাস অনুষ্ঠানে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি, সংস্থার এমডি করণ আদানি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে।
রাজ্য সরকারের কর্মসূচি অনুযায়ী, নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালি এলাকায় এই শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হাসপাতালটির মোট ২ হাজার শয্যার মধ্যে ১ হাজারটি শয্যা গরিব ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বাকি ১ হাজার শয্যা বাণিজ্যিকভাবে পরিচালিত হবে বলে জানা গিয়েছে।
হাসপাতালের পাশাপাশি এই প্রকল্পের সঙ্গে মেডিক্যাল কলেজ তৈরির প্রস্তাবও রয়েছে। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি চিকিৎসা শিক্ষা ও উন্নত চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলাই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য বলে জানা গিয়েছে।
নিউ টাউনে এই হাসপাতাল প্রকল্পের প্রস্তাব চলতি বছরের জুনে সামনে আসে। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে করণ আদানির বৈঠকে ‘আদানি হেলথ সিটি’ তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর প্রকল্পটি ২ হাজার শয্যার হাসপাতাল হিসেবে এগিয়ে নেওয়ার কথা জানানো হয়।
হাসপাতালের শিলান্যাসের পাশাপাশি আজ গৌতম আদানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। সেখানে বাংলায় নতুন শিল্প ও বিনিয়োগ প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। রাইটার্স বিল্ডিংসের সংস্কার এবং কুমারটুলি ঘাটের পুনর্নির্মাণের মতো কয়েকটি প্রকল্পেও আদানি গোষ্ঠীর যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
বুধবার রাতে কলকাতায় পৌঁছন গৌতম আদানি। বৃহস্পতিবার সকালে তিনি কালীঘাট মন্দিরে পুজো দেন। এরপর নিউ টাউনে হাসপাতালের শিলান্যাস-সহ একাধিক কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
