উচ্চমাধ্যমিক তৃতীয় সেমেস্টার শুরু, প্রথমবার OMR-এ পরীক্ষা ৭ লক্ষ ১৮ হাজার ৬২০ পরীক্ষার্থীর
কলকাতা: রাজ্যজুড়ে আজ, ২১ সেপ্টেম্বর থেকে শুরু হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা। এই প্রথম তৃতীয় সেমেস্টারে OMR শিটে পরীক্ষা দিচ্ছেন পড়ুয়ারা। রাজ্যের ৬,৮৭৭টি স্কুলের মোট ৭ লক্ষ ১৮ হাজার ৬২০ জন পরীক্ষার্থী এ বারের পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ৩ লক্ষ ১৫ হাজার ৭৩১ জন ছাত্র এবং ৪ লক্ষ ২ হাজার ৮৮৯ জন ছাত্রী।
প্রথম দিনের পরীক্ষা শুরু হয়েছে প্রথম ভাষা দিয়ে। অধিকাংশ পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী তৃতীয় সেমেস্টারের পরীক্ষা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।
এ বারের পরীক্ষার অন্যতম বড় পরিবর্তন OMR শিটের ব্যবহার। পরীক্ষা শেষে OMR শিট নির্দিষ্ট নিয়মে সংগ্রহ ও সিল করে সংশ্লিষ্ট ডাকঘরে জমা দেওয়া হবে। এরপর ইন্ডিয়া পোস্টের মাধ্যমে সেগুলি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হবে।
পরীক্ষার নিরাপত্তাতেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি, পরীক্ষাকেন্দ্রে CCTV নজরদারি এবং প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য দু’জন করে পরিদর্শক রাখার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যজুড়ে ৯৯টি সংবেদনশীল কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।
প্রশ্নপত্রের নিরাপত্তার জন্য প্রতিটি প্রশ্নপত্রে ইউনিক সিরিয়াল নম্বর রাখার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের সামনে প্রশ্নপত্রের সিল খোলা হবে। সিল অক্ষত থাকার বিষয়টি নিশ্চিত করতে দু’জন পরীক্ষার্থীর স্বাক্ষর নেওয়ার ব্যবস্থাও রয়েছে।
পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর-সহ ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ। OMR শিট পূরণের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। ভুলভাবে উত্তর চিহ্নিত করা, পেনসিল ব্যবহার বা OMR শিট ভাঁজ করার মতো ঘটনায় উত্তরপত্র স্ক্যানিংয়ে সমস্যা হতে পারে।
এ ছাড়া নন্দীগ্রাম ও রেজিনগরে ৬ অক্টোবর উপনির্বাচনের কারণে ৫, ৬ ও ৭ অক্টোবরের নির্ধারিত কয়েকটি পরীক্ষা পিছিয়ে যথাক্রমে ১২, ১৩ ও ১৪ অক্টোবর করা হয়েছে।
সব মিলিয়ে প্রথমবার OMR পদ্ধতি, CCTV নজরদারি এবং একাধিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আজ থেকে শুরু হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা।
