SIR-এর আপিলে বড় আপডেট, নিষ্পত্তি হওয়া মামলার ৯৩% ক্ষেত্রেই ভোটারদের নাম পুনর্বহালের নির্দেশ
কলকাতা: পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় SIR (Special Intensive Revision) নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১ লক্ষ ২৬ হাজার ১৯৪টি আপিলের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১ লক্ষ ১৩ হাজার ৯৪৩ জনের নাম ভোটার তালিকায় পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ নিষ্পত্তি হওয়া আপিলের প্রায় ৯৩ শতাংশ ক্ষেত্রেই পুনর্বহালের নির্দেশ মিলেছে।
অন্যদিকে ৮ হাজার ৬৪৯টি আপিল খারিজ হয়েছে। তবে SIR নিয়ে জমা পড়া মোট আপিলের বড় অংশ এখনও নিষ্পত্তি হয়নি। কমিশনের তথ্য অনুযায়ী, ৩৭ লক্ষ ৫ হাজার ২৩৫টি আপিল এখনও বিচারাধীন রয়েছে।
এই বিপুল সংখ্যক আপিল দ্রুত নিষ্পত্তি করা নিয়ে সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান জানিয়েছে নির্বাচন কমিশন। বর্তমান গতিতে সমস্ত আপিল নিষ্পত্তি করতে দীর্ঘ সময় লাগতে পারে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে। দ্রুত নিষ্পত্তির জন্য পশ্চিমবঙ্গে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছে কমিশন।
ফলে SIR-এ একদিকে নিষ্পত্তি হওয়া আপিলের বড় অংশে ভোটারদের নাম পুনর্বহালের নির্দেশ মিললেও, লক্ষ লক্ষ আপিল এখনও নিষ্পত্তির অপেক্ষায়।
