পুজোর ভিড় সামলাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের বাড়তি স্পেশাল ট্রেন, বাড়ল দুই জোড়া পরিষেবা
শিলিগুড়ি: দুর্গাপুজো-সহ একাধিক উৎসবকে সামনে রেখে বাড়তে চলেছে রেলযাত্রীর চাপ। সেই বাড়তি ভিড় সামাল দিতে দুই জোড়া স্পেশাল ট্রেনের পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। যাত্রীদের অতিরিক্ত চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, আনন্দ বিহার টার্মিনাল ও যোগবানীর মধ্যে চলাচলকারী ০৪০০৮/০৪০০৭ নম্বর উৎসব স্পেশাল ট্রেনের পরিষেবা বাড়ানো হয়েছে। আনন্দ বিহার টার্মিনাল থেকে যোগবানীর দিকে আরও পাঁচটি অতিরিক্ত ট্রিপ চলবে। এই পরিষেবা শুরু হবে ১০ অক্টোবর থেকে এবং চলবে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত। অন্যদিকে যোগবানী থেকে আনন্দ বিহারের দিকে ফিরতি ট্রেন চলবে ১১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত।
২০টি কোচের এই ট্রেনের পথে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রাবিরতি রয়েছে। এর মধ্যে রয়েছে গাজিয়াবাদ, মোরাদাবাদ, বেরিলি, শাহজাহানপুর, গোরখপুর, ছাপরা, হাজিপুর, বরৌনি, খাগাড়িয়া, কাটিহার, পূর্ণিয়া ও ফোর্বসগঞ্জ। উত্তরবঙ্গের যাত্রীদের জন্য কাটিহার, পূর্ণিয়া ও ফোর্বসগঞ্জের মতো স্টেশনগুলির সংযোগের কারণে এই পরিষেবা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
এর পাশাপাশি ০৮০৪৭/০৮০৪৮ নম্বর সাঁতরাগাছি–নাহরলগুন স্পেশাল ট্রেনের পরিষেবাও বাড়ানো হয়েছে। সাঁতরাগাছি থেকে নাহরলগুনের দিকে অতিরিক্ত তিনটি ট্রিপ চলবে ১১, ১৮ ও ২৫ সেপ্টেম্বর। নাহরলগুন থেকে সাঁতরাগাছির দিকে ফিরতি পরিষেবা থাকবে ১২, ১৯ ও ২৬ সেপ্টেম্বর।
রেল সূত্রে খবর, অতিরিক্ত ট্রিপগুলিতে সংশ্লিষ্ট স্পেশাল ট্রেনগুলির আগের সময়সূচি, যাত্রাবিরতি এবং কোচের বিন্যাসই বজায় থাকবে। উৎসবের সময় বাড়তি যাত্রীচাপের কথা মাথায় রেখে এই পরিষেবা বৃদ্ধির ফলে যাত্রীদের বিকল্প যাত্রার সুযোগ বাড়বে বলেই মনে করা হচ্ছে।
রেলের পক্ষ থেকে যাত্রীদের যাত্রার আগে ট্রেনের সময়সূচি ও আসন সংক্রান্ত তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে উৎসবের মরশুমে টিকিটের চাহিদা বাড়তে পারে বলে আগেভাগে পরিকল্পনা করে যাত্রা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
